‘ময়দান’ ছবিতে বাংলার দুই তরুণ, অমর্ত্য-আরিয়ানের স্বপ্নপূরণের গল্প আনন্দবাজার অনলাইনে

 

‘ময়দান’ ছবিতে বাংলার দুই তরুণ, অমর্ত্য-আরিয়ানের স্বপ্নপূরণের গল্প আনন্দবাজার অনলাইনে


 বছর পাঁচেকের অপেক্ষার অবসান। মুক্তি পাচ্ছে ‘ময়দান’। অজয় দেবগন অভিনীত এই ছবিতে টলিপাড়ার কয়েক জন অভিনেতা রয়েছেন, যাঁদের মধ্যে অন্যতম রুদ্রনীল ঘোষ। এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা শোনালেন অমর্ত্য রায় ও আরিয়ান ভৌমিক।

 

এর আগে ক্রিকেটের প্রেক্ষাপটে নির্মিত ‘২২ ইয়ার্ডস’ ছবিতে অভিনয় করেছিলেন অমর্ত্য। অন্য দিকে, ফুটবলের প্রেক্ষাপটে তৈরি বাংলা ছবিতে আগে অভিনয় করেছেন আরিয়ান। তবে এই ছবির প্রস্তুতির জন্য নিজেদের যে নিংড়ে দিতে হয়েছে, সে কথাও জানালেন তাঁরা। ২০১৯ সালে অডিশনের পর নির্বাচন। শুরু হয় ‘ময়দান’-এর প্রস্তুতি।

প্রস্তুতি পর্ব

অমর্ত্য বা আরিয়ান, কেউই পেশাদার ফুটবলার নন। কিন্তু জানালেন, ছবির পরিচালক অমিত শর্মা ফুটবল নিয়ে কোনও খুঁত রাখতে চাননি। তাই শুরু থেকেই আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়তে হয়েছে। আরিয়ান বললেন, ‘‘আমাদের টিমে একমাত্র আমিই ফুটবলার নই। বাকিরা সবাই আগে একটু-আধটু ফুটবল খেলেছে। তাই আমার কাছে চ্যালেঞ্জটা সব থেকে বেশি ছিল।’’ কলকাতায় প্র্যাকটিসের পাশাপাশি মুম্বইয়ে নিয়মিত ফুটবলের ওয়ার্কশপের মধ্যে দিয়ে এগোতে হয়েছে অভিনেতাদের। অমর্ত্যের কথায়, ‘‘ট্রেলারে সবটা দেখানো হয়নি। ছবিতে যে ভাবে খেলাটাকে তুলে ধরা হয়েছে, দেখলে দর্শক রোমাঞ্চিত হতে বাধ্য।’’

চুনী বনাম নেভিল

ছবিতে ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন অমর্ত্য। অন্য দিকে, নেভিল ডি’সুজ়ার চরিত্রে আরিয়ান। দুই চরিত্রের ভার যে অনেকটাই বেশি, সে কথা শুরুতেই বুঝতে পেরেছিলেন তাঁরা। সেই মতো দীনেশ নায়ারের অধীনে প্রশিক্ষণ। অমর্ত্য বললেন, ‘‘আমি যে চুনী গোস্বামীর চরিত্রে, শুরুতে বিশ্বাস করতে পারিনি। তার পর ঘোর কাটতেই প্রস্তুতি নিতে শুরু করি।’’ আরিয়ানও বিষয়টা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন। তাঁর কথায়, ‘‘নেভিল ডি’সুজ়া দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এ রকম একটা চরিত্রে অভিনয় করে আমি সম্মানিত।’’ পর্দায় চুনী গোস্বামী হয়ে ওঠার জন্য অমর্ত্য নিজের মতো করে বাড়তি প্রস্তুতি নিয়েছিলেন। বললেন, ‘‘আমরা জানি, চুনী স্যর দারুণ ড্রিব্‌ল করতেন। ওঁর কথা মাথায় রেখে আমি আলাদা করে ওঁর কিছু বৈগ্রহিক স্টাইল রপ্ত করেছিলাম।’’ আরিয়ান যেমন নিয়মিত ফুটবল অভ্যাসের পাশাপাশি নেভিল প্রসঙ্গে ইন্টারনেটেও পড়াশোনা করেছিলেন। তাঁর কথায়, ‘‘প্রচুর ফুটবল ট্রায়াল ছিল। তখন আমি সিরিয়ালে অভিনয় করছি। তাই এখানে কী রকম ফুটবল প্র্যাকটিস করছি, সেই ভিডিয়ো পর্যন্ত ওদের পাঠাতে হয়েছিল।’’

 

Comments